নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ
রাজধানীর উত্তর বাড্ডায় হাঁড়ি-পাতিল হাতে মিছিল ও সমাবেশ করেছে দলটির ঢাকা মহানগরী উত্তর শাখা
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
জ্বালানি গ্যাস ও বিদ্যুতের বারবার মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় আয়োজিত এই মিছিল ও সমাবেশে দলটির কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। কর্মসূচিতে নারীদের হাতে হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন দেখা গেছে।
বিজ্ঞাপন
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, 'মানুষের আয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেল, বিদ্যুতের দাম বাড়ছে। কিন্তু মানুষের আয় সে অনুপাতে বাড়ছে না।' তিনি সরকারকে বাজার সিন্ডিকেট ভেঙে জনগণের জন্য নিত্যপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান।
মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, 'জনগণকে অস্তিত্বসংকট ও অনিরাপত্তার মধ্যে রেখে উন্নয়নের ফানুস ওড়ানো যাবে না।' এছাড়া শ্রমিক আন্দোলনে নাশকতাকারীদের খুঁজে বের করার দাবি জানান তিনি। সরকারের সমালোচনা করে এই জামায়াত নেতা বলেন, সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ না করে বিভাজনের সূচনা করেছে, যার পরিণতি তাদের ভোগ করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাড্ডা ইউলুপের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইয়াসিন আরাফাত এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।