১০৯ বছরেও পৃথিবী থেকে শোষণ-বৈষম্য দূর হয়নি: সিপিবি
মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে ঢাকার পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে ঢাকার পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সভায় নেতারা বলেন, পুঁজিবাদী শোষণ, সাম্রাজ্যবাদী আধিপত্য ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকশ্রেণি এবং মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে মহান অক্টোবর বিপ্লব আজও এক অনন্য প্রেরণার উৎস। তবে বিপ্লবের ১০৯ বছর অতিবাহিত হওয়ার পরও পৃথিবী থেকে শোষণ-বৈষম্য দূর হয়নি এবং পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় সম্পদ ও ক্ষমতা মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে।
বিজ্ঞাপন
সিপিবি নেতারা বলেন, ১৯১৭ সালের রুশ বিপ্লব কেবল রাশিয়ার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ছিল না, এটি ছিল শতাব্দীকাল ধরে চলে আসা শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির নেতৃত্বে পরিচালিত এক ঐতিহাসিক সমাজ পরিবর্তনের ঘটনা। সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, যুদ্ধ, দখলদারত্ব, অস্ত্রের প্রতিযোগিতা এবং বহুজাতিক পুঁজির আধিপত্য বর্তমানে বিশ্বশান্তি ও মানবসভ্যতাকে বিপন্ন করছে। একদিকে প্রযুক্তিগত অগ্রগতি থাকলেও ক্ষুধা, বেকারত্ব, দারিদ্র্য ও বাস্তুচ্যুতির মতো বৈপরীত্য পুঁজিবাদী ব্যবস্থার সংকটকে আরও প্রকট করে তুলেছে বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ফুটে উঠেছিল, তা বাস্তবায়নের সংগ্রাম এখনো চলমান। অর্থনীতির ওপর লুটেরা পুঁজি, দুর্নীতি, ঋণনির্ভরতা ও বৈষম্যের চাপ বাড়ছে। জাতীয় সম্পদ ও অর্থনীতির ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন।
আলোচনা সভায় সিপিবি নেতারা অক্টোবর বিপ্লবের শিক্ষা ধারণ করে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলা এবং বাংলাদেশে গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাম প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন। এছাড়া সভায় প্রবন্ধ পাঠ করেন কল্লোল বণিক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিদিব সাহা।