ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকা পদত্যাগ
শিক্ষাগত সনদ বাতিলের রায়ের পর জিবরান পার্লামেন্ট ও প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
আজ বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা শিক্ষাগত সনদ নিয়ে বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন। তিনি পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিজ্ঞাপন
পিপলস কনসালটিভ অ্যাসেম্বলির স্পিকার আহমাদ মুজানি সাংবাদিকদের জানিয়েছেন, ৩৯ বছর বয়সী জিবরান আজ পার্লামেন্টের নেতাদের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং প্রেসিডেন্টের কাছেও তা পৌঁছিয়েছে।
গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট জিবরানের বিদেশে অর্জিত উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ বাতিলের রায় দিয়েছে, যার পর থেকে তাঁর পদত্যাগের দাবি তীব্রতর হয়েছে।
ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা সীমিত; তিনি সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করেন এবং প্রেসিডেন্ট অক্ষম হলে তার স্থলাভিষিক্ত হন।
পদত্যাগের আগে কয়েক সপ্তাহ ধরে দেশে হাজারো মানুষ অর্থনৈতিক সংকট, দুর্নীতি, সরকারী কর্তৃত্ববাদ ও চলমান দাবানলের মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে বিক্ষোভ করেছে, যার ফলে বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
জিবরানের পদত্যাগ প্রেসিডেন্ট প্রবোও এবং তাঁর পূর্বসূরি জোকো উইদোদোর মধ্যে গড়ে ওঠা ক্ষমতাসীন জোটে জটিলতা সৃষ্টি করতে পারে, কারণ জিবরান জোকোর ছেলে।
ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ভাইস প্রেসিডেন্ট হওয়া জিবরান, দুই বছর পদে থাকাকালীন তাঁর উচ্চমাধ্যমিক সনদের বৈধতা নিয়ে সমালোচকরা আদালতে চ্যালেঞ্জ করেন; আইন অনুযায়ী ভাইস প্রেসিডেন্টের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের যোগ্যতা প্রয়োজন।
ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইএসইএসএস) নির্বাহী পরিচালক খাইরুল ফাহমি বলেন, ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ দেশের রাজনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে, তবে সরকারের স্থিতিশীলতা সরাসরি হুমকির মুখে পড়বে না।
ফাহমি এএফপিকে উল্লেখ করেন, জোকো উইদোদো রাজনৈতিক প্রভাব ধরে রাখবেন, তবে জিবরানের বিদায়ে ক্ষমতার কেন্দ্রে তাঁর অনুসারীদের সরাসরি প্রবেশের সুযোগ কমতে পারে; অন্যদিকে এতে প্রবোওর নেতৃত্ব সুসংহত করার এবং নিজস্ব কর্মসূচি এগিয়ে নেওয়ার সুযোগ বাড়বে।
বিজ্ঞাপন
পদত্যাগের নির্দিষ্ট কারণ সম্পর্কে পার্লামেন্টের স্পিকার আহমাদ কোনো তথ্য দেননি।
প্রেসিডেন্ট প্রবোওর জনপ্রিয়তা দুই বছর পদে থাকা পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে; গত সপ্তাহে তিনি টেলিফোনে আড়ি পাতার অভিযোগে সাবেক পুলিশপ্রধান ও তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছেন।
জিবরান সিঙ্গাপুরে পড়াশোনা করে বিপণন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালে নির্বাচন কমিশনে প্রার্থিতার সময় তিনি একটি সনদ জমা দেন, যেখানে বলা হয়েছিল যে সিঙ্গাপুরে অর্জিত সনদ ইন্দোনেশিয়ার কারিগরি উচ্চমাধ্যমিকের সমমান।
জিবরান নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আমি যদি উচ্চমাধ্যমিক পাস না করতাম, তাহলে নিশ্চয়ই কলেজে পড়তে পারতাম না। আমি সিঙ্গাপুরে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছি।’
বিজ্ঞাপন
পদত্যাগের পর নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পার্লামেন্টে দুটি নাম প্রস্তাব করার সময় প্রবোওর হাতে ১৪ দিন এবং পার্লামেন্টকে উত্তরসূরি নির্বাচন করার জন্য দুই মাস সময় রয়েছে।