বিএনপি কর্মীকে মারলে আ.লীগের ১০ জনকে পেটানোর হুমকি দিলেন মজিবর
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপির প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়
রাজবাড়ী জেলা প্রতিনিধি · রাজবাড়ী
প্রকাশ:
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিতর্কিত মন্তব্য করেছেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বিএনপির একজন নেতা-কর্মীকে মারধর করা হয়, তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মীকে মারধর করা হবে। এছাড়াও বিএনপির কারো বাড়িতে আগুন দেওয়া হলে আওয়ামী লীগের ১০ জনের বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেন তিনি।
বিজ্ঞাপন
মজিবর রহমান মোল্লা সমাবেশে বলেন, ‘যদি একজন বিএনপির নেতা–কর্মী মাইর খায়, আমরা ১০ জন আওয়ামী লীগের নেতা–কর্মীকে মারব। যদি একটি বাড়ি পোড়ে, ১০টি বাড়ি আওয়ামী লীগের পোড়াব।’ তিনি আরও বলেন, ‘অনেক সুযোগ আমরা দিয়েছি ভালো থাকার জন্য। আমরা আর সুযোগ দেব না। ১৭ বছর আমরা রাজপথে ছিলাম, এখনো রাজপথে আছি।’
গোপালগঞ্জের পরিস্থিতির প্রসঙ্গ টেনে মজিবর রহমান দাবি করেন, সেখানে থানা ও তাদের দলের সংসদ সদস্যের বাড়িঘর ভাঙচুর ও লুট করা হয়েছে। গোয়ালন্দ মোড়ে এমন পরিস্থিতি তৈরি হলে তা প্রতিহত করার ঘোষণা দেন তিনি। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রের প্রতিবাদে দিনব্যাপী পৃথক কর্মসূচি পালন করে বিএনপি।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মিয়া। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের কোনো কর্মসূচি পালন করতে দেয়নি এবং নেতা-কর্মীদের হয়রানিমূলক মামলায় কারাগারে পাঠিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত অন্যদের মধ্যে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন এবং গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল বক্তব্য রাখেন।