আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত, দাবি শাহে আলমের
বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বগুড়া জেলা প্রতিনিধি · শিবগঞ্জ, বগুড়া
প্রকাশ:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগ যে আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন, তা গত কয়েক দিনে দলটি নিজেরাই প্রমাণ করেছে। শুক্রবার দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলা সদরের মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নিমগাছের চারা ও পানি পানের মগ বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। এই রাজনৈতিক দলটা একটি সন্ত্রাসী রাজনৈতিক দল আমরা বলতাম। আগুন নিয়ে খেলে রাজনৈতিক দল আমরা বলতাম। গত কয়েক দিনে গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় এই নিষিদ্ধ রাজনৈতিক দল তারা যে আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন, এটা তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছে।’ গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকার ধৈর্য দেখাচ্ছে উল্লেখ করে তিনি জানান, সরকার মানবাধিকার লঙ্ঘন করছে না, তবে জনগণের শান্তি নিশ্চিত করতে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ বলপ্রয়োগ করবে।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, ‘ভাই, আপনাদের বলি, ইন্ডিয়া থেকে কে টেলিফোন করল, আর ওই বিদেশ থেকে কে টেলিফোন করল, এই টেলিফোনে লাফালাফি কইরেন না। নিজের জীবন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সঁপে দিয়েন না। যাঁদের টেলিফোনে এই সব করছেন, তাঁদের বলেন, আপনারাও আসেন, টেলিফোন না করে দেশে এসে নেতৃত্ব দেন।’ তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর পুনরুত্থান হতে দেওয়া হবে না এবং যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।
বক্তৃতায় প্রতিমন্ত্রী গত কয়েক দিনে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ঘটা সহিংসতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়া এবং সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙ্গা ও নড়াইলসহ বিভিন্ন স্থানে বিএনপির তিনজন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যার ঘটনাও তিনি উল্লেখ করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ৫৫ শতাংশ জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে কোনোভাবেই নড়ানো সম্ভব নয়।