নিলামে ১১ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হলো বিরল অ্যাপল-১ কম্পিউটার
কম্পিউটারটির সঙ্গে ছিল স্টিভ জবসের সই করা চিঠি ও স্টিভ ওজনিয়াকের স্বাক্ষর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
১৯৭৬ সালে তৈরি অ্যাপলের প্রথম সারির একটি সচল কম্পিউটার সম্প্রতি নিলামে ১১ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৯০ লাখ টাকা। ‘হ্যাটফিল্ড’ অ্যাপল-১ নামে পরিচিত এই দুর্লভ কম্পিউটারটি নিয়ে নিলামে দুই ক্রেতার মধ্যে ২৮ মিনিট ধরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান বনহামস জানিয়েছে, বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া অ্যাপল-১ কম্পিউটারের মধ্যে এটিই সর্বোচ্চ দামের নতুন বিশ্ব রেকর্ড।
বিজ্ঞাপন
কম্পিউটারটির মূল সার্কিট বোর্ডে সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের নিজের হাতের স্বাক্ষর রয়েছে, যিনি ১৯৭৬ সালে একাই এর হার্ডওয়্যার নকশা ও নির্মাণ করেছিলেন। নিলামের প্যাকেজে কম্পিউটারটির পাশাপাশি ১৯৭৮ সালে টাইপ করা স্টিভ জবসের সই করা একটি চিঠিও ছিল। চিঠিতে কম্পিউটারটির প্রথম মালিক ফ্রেড হ্যাটফিল্ডকে অ্যাপল-২ মডেলে উন্নীত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ ছাড়া মূল ব্যবহারবিধি, হার্ডওয়্যার যন্ত্রাংশ এবং ‘অ্যাপল-১ ওনার্স ক্লাব’-এর সদস্য হওয়ার একটি আমন্ত্রণপত্রও নিলামে অন্তর্ভুক্ত ছিল।
অ্যাপল-১-এর সরকারি নিবন্ধনে এই কম্পিউটারটির ক্রমিক নম্বর ৪৮। বর্তমানে সারা বিশ্বে প্রাথমিক পর্যায়ে তৈরি ৭৫টির কম কম্পিউটার সচল অবস্থায় টিকে আছে। বনহামসের পরিচালক ইয়ান এলিং বলেন, ‘কম্পিউটারের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন এই হ্যাটফিল্ড অ্যাপল-১-এর বিক্রিতে আমরা আনন্দিত। অ্যাপলের ৫০ বছর পূর্তির বছরে প্রতিষ্ঠানটির প্রথম পণ্যটি নিলামে তোলার সুযোগ পাওয়া ছিল সম্মানের।’
নিজেদের শুরুর সময়ের অভিজ্ঞতা নিয়ে স্টিভ ওজনিয়াক তাঁর ‘আইওজ’ (iWoz) বইয়ে লিখেছেন, ‘আমি কি–বোর্ডে কয়েকটি বোতাম চাপলাম, আর বিস্ময়ে হতবাক হয়ে গেলাম!’ ওজনিয়াকের ভাষ্যমতে, ১৯৭৫ সালের ২৯ জুন, রোববার, কম্পিউটারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল, যখন প্রথমবারের মতো কি–বোর্ডে টাইপ করা অক্ষর সরাসরি পর্দায় দেখা গিয়েছিল।