শেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক গড়ল অ্যানথ্রপিক
যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ার বাজারে যাত্রা শুরুর প্রথম দিনেই বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত হলো এআই প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ার বাজারে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যাত্রা শুরুর প্রথম দিনেই আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’ ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছে। জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠানটি এখন বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত হয়েছে। মাত্র পাঁচ বছর আগে যাত্রা শুরু করা অ্যানথ্রপিক স্টার্টআপ থেকে পাবলিক কোম্পানিতে রূপান্তরের ক্ষেত্রে ইতিহাসের অন্যতম দ্রুততম রেকর্ড গড়েছে।
বিজ্ঞাপন
তবে প্রযুক্তিনির্ভর এই বিশাল বিনিয়োগ নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ রয়েছে। সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ রিচার্ড হুইটল বলেন, ‘বড় কোনো চুক্তির দিনেই বুদবুদ ফেটে যায় না। ভবিষ্যতের ইতিবাচক সম্ভাবনা নিয়ে যখন সন্দেহ তৈরি হয়, তখনই তা ভেঙে পড়ে।’ কুইল্টার শেভিওটের প্রযুক্তি গবেষণা প্রধান বেন ব্যারিঙ্গার মনে করেন, আগামী দিনগুলোতে কোম্পানিটির শেয়ার দরে বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে। তিনি উদাহরণ হিসেবে চলতি বছরের শুরুতে ইলন মাস্কের ‘স্পেসএক্স’-এর কথা উল্লেখ করেন, যা প্রথম দিনে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার মূল্যে পৌঁছালেও এক মাসের মধ্যেই দরপতনের শিকার হয়েছিল।
স্যাক্সো ইউকে-র বিনিয়োগ কৌশলবিদ নিল উইলসনের মতে, শেয়ার বাজারে অ্যানথ্রপিকের সমকক্ষ কোনো প্রতিষ্ঠান না থাকায় ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যের যৌক্তিকতা এখনই নিশ্চিত করে বলা কঠিন। এদিকে এআই-সংক্রান্ত নতুন আইন ও বিধিনিষেধ নিয়েও আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই-এর ওপর কঠোর নিয়ন্ত্রণের বিরোধিতা করলেও, মার্কিন আইনপ্রণেতাদের একটি দ্বিদলীয় গ্রুপ এআই নিরাপত্তা ও উদ্ভাবন নিয়ে কাজ করার জন্য একটি বিশেষ ‘হাউস ককাস’ গঠন করেছে।
অ্যানথ্রপিক নিজেই এআই-এর ঝুঁকি নিয়ে বরাবরই সতর্ক অবস্থান নিয়েছে। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দারিও আমোদেই এবং প্রেসিডেন্ট দানিয়েলা আমোদেই বারবার সতর্ক করেছেন যে, ভবিষ্যতের এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে গিয়ে মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। দানিয়েলা আমোদেই বৃহস্পতিবার বলেন, ‘আমরা প্রথম পণ্য বাজারে আনার আগেই একটি এআই সেফটি বা নিরাপত্তা দল গঠন করেছিলাম। এআই-এর ভেতরে বাস্তব ঝুঁকি রয়েছে।’