মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতে দুই ভাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান
জামালপুর জেলা প্রতিনিধি · দেওয়ানগঞ্জ, জামালপুর
প্রকাশ:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁদের মা। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ভাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুই ভাইয়ের একজনের বয়স ২৪ বছর এবং অন্যজনের বয়স ১৯ বছর। তাঁদের বাবা কয়েক বছর আগেই মারা গেছেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় দুই বছর ধরে দুই ভাই মাদকাসক্ত হয়ে পড়েন। মাদক সেবনের টাকার জন্য তাঁরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন এবং মাকে মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ছেলেদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে সোমবার সকালে মা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাঁদের আটক করে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে দুই ভাই মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেছেন। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বড় ছেলেকে এক বছর ও ছোট ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতের সাজার পর বিকেলে দুই ভাইকে কারাগারে পাঠানো হয়েছে।