দেশে ১১ বছরে ১২৩টি হাতির মৃত্যু, অধিকাংশের কারণ বিদ্যুৎস্পৃষ্ট
হাতি সংরক্ষণে সচেতনতা বাড়াতে মৌলভীবাজারের জুড়ীতে তিন দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে
মৌলভীবাজার জেলা প্রতিনিধি · জুড়ী, মৌলভীবাজার
প্রকাশ:
দেশে গত ১১ বছরে মোট ১২৩টি হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। এর মধ্যে ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ ২১টি হাতি মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। ফসল রক্ষায় জমিতে বৈদ্যুতিক বেড়া দেওয়ার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশির ভাগ হাতির মৃত্যুর ঘটনা ঘটছে। শুক্রবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়াবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে হাতি সংরক্ষণ বিষয়ক তিন দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান। এতে কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন বলেন, '২০১৫-১৬ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত দেশে ১২৩টি হাতির মৃত্যু হয়েছে।' তিনি আরও বলেন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বর্তমানে মোট ৪৫০টি হাতি রয়েছে। হাতি সংরক্ষণে সবাইকে মানবিক হতে হবে। অন্যথায় এসব হাতি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম। তিনি জানান, মৌলভীবাজার অঞ্চলে বর্তমানে ২৯টি পোষা এবং তিনটি বন্য হাতি রয়েছে, যাদের সবকটিই নারী। জুড়ী-বড়লেখার পাথারিয়া হিল সংরক্ষিত বন এবং ভারতের আসাম রাজ্যের বনাঞ্চলে এই বন্য হাতিগুলো বিচরণ করে।
বন সংরক্ষক জহির উদ্দিন জানান, হাতি সুরক্ষায় সরকার ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাতি-মানুষের সংঘাত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেমিনারে স্থানীয়রা হাড়ারগজ সংরক্ষিত বনে অভয়াশ্রম তৈরির দাবি জানালে বন কর্মকর্তারা জানান, আপাতত কক্সবাজারে অভয়াশ্রম গড়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে হাড়ারগজ বনের উপযোগিতা যাচাই করে পদক্ষেপ নেওয়া হবে।