সাইবার হামলার আশঙ্কায় জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
নিরাপত্তাজনিত সতর্কতায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ব্যাংক দুটির ওয়েবসাইট
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সাইবার হামলার আশঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা সম্ভব হয়নি। গ্রাহকরা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য নেওয়া কিংবা অনলাইন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিজ্ঞাপন
ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করলে রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলছে বলে একটি নোটিশ দেখা যায়। সেখানে জানানো হয়, শিগগিরই ওয়েবসাইট চালু করা হবে এবং এ সাময়িক অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তবে বারবার চেষ্টা করেও ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যায়নি। জনতা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আলমের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
আর্থিক খাতে সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল। তিন দিন পর আজ সকাল আটটা থেকে ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়েছে। এছাড়া অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও এসবিএসি ব্যাংকের ওয়েবসাইটও সতর্কতামূলকভাবে বন্ধ রাখা হয়েছিল, যা এখন চালু রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইটের কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা হয়েছে। ঝুঁকি কেটে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার খুলে দেওয়া হয়েছে। গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং লেনদেন স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
বর্তমানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনার জন্য ইন্টারনেট ও সফটওয়্যার গুরুত্বপূর্ণ, যার একটি বড় অংশ পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভরশীল। সম্প্রতি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।