ইসরায়েলের পার্লামেন্টে স্পিকারকে সরানোর বিষয়ে একমত নেতানিয়াহু বিরোধীরা
সরকার গঠন নিয়ে আলোচনার মধ্যেই নতুন স্পিকার নিয়োগের পরিকল্পনা করছে বিরোধী রাজনৈতিক শিবির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলের নতুন পার্লামেন্ট শুরুর প্রথম দিনেই স্পিকার আমির ওহানাকে অপসারণের বিষয়ে একমত হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক শিবির। এই বিরোধী শিবিরে ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোও অন্তর্ভুক্ত রয়েছে এবং এ নিয়ে দলগুলোর মধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্টে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির কট্টর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন এবং আরব জোট ও দল জয়েন্ট লিস্ট ও রাআম পেয়েছে ১৯ আসন। ইসরায়েলের নেসেটে সরকার গঠনের জন্য কমপক্ষে ৬১টি আসনের প্রয়োজন হয়।
চ্যানেল ১২-এর একটি অনুষ্ঠানে শুক্রবার ডেমোক্র্যাটসের নেতা ইয়ার গোলান জানান, আগামী ১০ নভেম্বর পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণের পর তাদের প্রথম কাজ হবে নতুন স্পিকার নিয়োগ দেওয়া। এরপর তারা পার্লামেন্টের বিভিন্ন কমিটির প্রধানদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। ইয়াশার, বি’ইয়াচাদ, ডেমোক্র্যাটস, ইসরায়েল বেইতেনু, জয়েন্ট লিস্ট ও রাআম একজোট হলে সহজেই স্পিকারকে সরিয়ে দিতে সক্ষম হবে।
রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি জানিয়েছেন, লিকুদ পার্টির নেতা এবং বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্পিকার আমির ওহানাকে সরানোর বিষয়ে বিরোধীদের মধ্যে সমঝোতা হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, নতুন স্পিকার হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে।