সাঈদা কামালকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পীকে গার্ড অব অনারসহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামালকে মঙ্গলবার বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। দাফনের পূর্বে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সদস্যরা। উপস্থিত ছিলেন সাঈদা কামালের বড় বোন মানবাধিকারকর্মী সুলতানা কামাল ও পরিবার।
বিজ্ঞাপন
সাঈদা কামাল গত রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে মারা যান। তিনি নিউমোনিয়া ও কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর পর তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।
মঙ্গলবার সকালে তার দেহ ধানমন্ডির নিজ বাড়ি ‘সাঁঝের মায়া’তে নিয়ে যাওয়া হয়। জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।
সাঈদা কামাল ১৯৫২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ড্রয়িং ও পেইন্টিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি বড় বোন সুলতানা কামালের সঙ্গে ত্রিপুরার বাংলাদেশ ফিল্ড হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করেন, যার জন্য তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র পান। তিনি চিত্রশিল্পী ও শিক্ষক হিসেবে দেশ-বিদেশে একাধিক একক ও যৌথ চিত্রপ্রদর্শনী পরিচালনা করেছেন।