রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান
রাশিয়া থেকে আসা এই চালানে তিনটি লরিতে জ্বালানি ও একটিতে সরঞ্জাম আনা হয়েছে।
পাবনা জেলা প্রতিনিধি · ঈশ্বরদী, পাবনা
প্রকাশ:
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান পৌঁছেছে। বুধবার সকালে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় পারমাণবিক জ্বালানিবাহী লরিগুলো প্রকল্প এলাকায় এসে পৌঁছায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রকল্পের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, বুধবার ভোর পাঁচটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জ্বালানিবাহী গাড়িবহরটি পাবনার উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে সেটি রূপপুরে পৌঁছায়। এই বহরে তিনটি লরিতে ইউরেনিয়াম এবং একটি গাড়িতে সরঞ্জাম ছিল। রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও এই বহরে ছিলেন।
সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, এটি প্রকল্পের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালান। তিনি আরও বলেন, 'আন্তর্জাতিক নীতিমালা মেনে এই জ্বালানি বিদ্যুৎকেন্দ্রে সংরক্ষণ করা হবে।' পুরো পথে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রথম ইউনিটের অতিরিক্ত চাহিদা ও দ্বিতীয় ইউনিটের প্রয়োজন মেটাতে রাশিয়া থেকে আরও ৯টি চালানে জ্বালানি আনা হবে। গত ৩ অক্টোবর প্রথম চালানটি দেশে এসেছিল। নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে বাকি চালানগুলো পৌঁছানোর কথা রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। সব প্রস্তুতি সম্পন্ন হলে চলতি নভেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।