কুমিল্লায় শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে একজন গ্রেপ্তার
সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়
কুমিল্লা জেলা প্রতিনিধি · কুমিল্লা
প্রকাশ:
কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, বিভিন্ন মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সোমবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। কুমিল্লা ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার মাসুদ রানার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শালমারা গ্রামে। পুলিশের দাবি, শিল্পকারখানায় শ্রমিকদের মাঝে বিশৃঙ্খলা তৈরিতে তিনি অন্যতম উসকানিদাতা হিসেবে কাজ করছিলেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিরা রয়েছেন। তবে কোন অপরাধে সুনির্দিষ্টভাবে কতজনকে আটক করা হয়েছে, তার বিস্তারিত তথ্য আলাদাভাবে জানানো হয়নি। অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সের কিশোরেরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য নিয়মিত অভিযান চলছে। নিরাপদ কুমিল্লা গড়ে তোলা এবং কিশোরদের পড়ার টেবিলে ফিরিয়ে আনাই পুলিশের লক্ষ্য। এছাড়া কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর এবং অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।