এনএসইউতে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রে সাইবার নিরাপত্তার বার্তা
শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অনলাইন ঝুঁকি ও সচেতনতার বার্তা তুলে ধরা হয়েছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
অনলাইন জগতের নানা চ্যালেঞ্জ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাইবারসিকিউরিটি সেন্টার (এনএসইউ-সিএসসি) ‘সাইবারফ্রেমস গালা নাইট’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এতে তরুণ নির্মাতারা তাঁদের তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে সাইবার ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বিশেষ অতিথি ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ কাশেম এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। এছাড়া এনএসইউ সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, এনএসইউ সাইবারসিকিউরিটি সেন্টারের পরিচালক অধ্যাপক রাজেশ পালিত এবং নির্বাহী পরিচালক মিস জারজিনা টি. খলিল উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন বলেন, "অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি, অপতথ্য, ভুল তথ্য ও ব্যক্তিগত সম্মানহানির মতো ঘটনা সাইবার জগতে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে নারীদের জন্য অনলাইন পরিসর ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। নারীর ক্ষমতায়নের কথা বলার পাশাপাশি তাঁদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।"
এম এ কাশেম বলেন, "এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, উদ্ভাবনী চিন্তার চর্চা এবং নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করে। একই সঙ্গে শ্রেণিকক্ষের বাইরেও সমসাময়িক সামাজিক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে শিক্ষার্থীদের উৎসাহিত করে।"
প্রতিযোগিতায় বিচারক ছিলেন স্টুডিও বিগিনিংয়ের প্রতিষ্ঠাতা সারা আফরিন, লেখক, পরিচালক, প্রযোজক ও চিত্রগ্রাহক কামার আহমাদ সাইমন এবং জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, বাংলাদেশের পরিচালক (অপারেশনস) মো. হোসাইন বিন আমিন। সেরা ১০টি দলের মধ্যে ‘টিম স্টারডাস্ট’ চ্যাম্পিয়ন, ‘টিম ফ্রাইডে’ প্রথম রানারআপ এবং ‘টিম পাসওয়ার্ড ১২৩’ দ্বিতীয় রানারআপ হিসেবে নির্বাচিত হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশন, সরকারি বিভিন্ন সংস্থা, বেসরকারি খাত, দেশি-প্রবাসী বিভিন্ন মহলের প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।