অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম
রাজধানীর বনানীতে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার রাজধানীর বনানীর একটি হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের সদস্য, কার্যনির্বাহী কমিটির নেতারা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
নতুন কমিটিতে সভাপতি হিসেবে অঞ্জন চৌধুরী নির্বাচিত হয়েছেন। সহসভাপতি হয়েছেন কাজী জাহেদুল হাসান, সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন। এছাড়া কমিটির পরিচালক হিসেবে মোস্তফা কামাল, মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক দায়িত্ব পেয়েছেন।
অ্যাটকোর বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি ও আর্থিক প্রতিবেদনের পাশাপাশি দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও টেলিভিশন শিল্পের উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন উপস্থিত সদস্যরা।
নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচারশিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।