পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সহিংস বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আজ রোববার সকাল থেকেই রাজধানীর মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ, অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই পরিস্থিতির কারণে ওই সব এলাকার ৩০০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ঢাকা ও গাজীপুরের সহিংসতায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজমুল ইসলামের নেতৃত্বে মিছিলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় গাজীপুর থেকে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নয়জন এবং মিরপুর থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে সকাল নয়টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বেলা তিনটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে, মিরপুরে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতির কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।
এদিকে, পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের কারণে নিজের সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ দুপুরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। এ সময় মন্ত্রী বলেন, সরকার আগেই শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিল। তিনি আন্দোলনরত শ্রমিকদের জনদুর্ভোগ সৃষ্টি না করে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।