টেসলার উড়ন্ত গাড়ি যেভাবে চলবে
স্পেসএক্সের কোল্ড-গ্যাস থ্রাস্টার প্রযুক্তিতে তৈরি এই গাড়িটি শূন্যে ভারসাম্য রক্ষা ও জটিল কসরত দেখাতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের নতুন ‘রোডস্টার’ মডেলের গাড়ি নিয়ে এসেছে, যা বিশেষ প্রযুক্তির সাহায্যে মাটি ছেড়ে আকাশে ভাসতে পারবে। গাড়িটি শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতিতে পৌঁছাতে এক সেকেন্ডেরও কম সময় নেয় এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলের বেশি।
বিজ্ঞাপন
টেকরাডারের তথ্য অনুযায়ী, গাড়িটিকে শূন্যে ভাসানোর মূল চালিকা শক্তি হলো স্পেসএক্সের আদলে তৈরি ‘কোল্ড-গ্যাস থ্রাস্টার’ প্রযুক্তি। গাড়িটির ‘রকেট’ সংস্করণে সর্বোচ্চ ১০টি থ্রাস্টার থাকবে এবং এগুলো নিয়ন্ত্রণের জন্য বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হবে। উচ্চচাপে বাতাস জমা রাখার জন্য এতে কার্বন ফাইবার ওভারর্যাপড প্রেশার ভেসেল (সিওপিভি) নামক বিশেষ ট্যাংক থাকবে। জ্বালানি না পুড়িয়ে থ্রাস্টারের মাধ্যমে বাতাস বের করে বিপরীতমুখী বল সৃষ্টির মাধ্যমে গাড়িটি মাটি ছেড়ে ওপরে ওঠে। এই বিশেষ সংস্করণে যাত্রী আসনের জায়গায় ৪০০ লিটারসহ মোট ৬০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক থাকবে।
ইলন মাস্ক জানান, গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে তার বাতাসের ট্যাংক পুনরায় পূর্ণ করতে পারবে এবং এটি ডিগবাজিসহ বিভিন্ন জটিল কসরত দেখাতে সক্ষম। সম্প্রতি একটি প্রদর্শনীতে চালকবিহীন রোডস্টারকে লাফ দেওয়া, শূন্যে ভারসাম্য রক্ষা এবং সারিবদ্ধ গাড়ির ওপর দিয়ে নিরাপদে অবতরণ করতে দেখা গেছে।
তবে থ্রাস্টার ব্যবহার করে রোডস্টার কতক্ষণ আকাশে উড়তে পারবে, তা এখনো স্পষ্ট নয়। শহরের যানজট নিরসনে এটি কতটা কার্যকর বা নিরাপদ হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আপাতত সীমিত পরিসরে কেবল আমন্ত্রণের ভিত্তিতেই এই বিশেষ সংস্করণটি কেনা যাবে।