মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস
হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী রাশিয়ার দখলে থাকা শহরটিতে শিগগিরই কার্যকর হবে এই যুদ্ধবিরতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি ‘যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন’ বলে শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওলেশকি শহরে এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যা ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়ার দখলে রয়েছে। হোয়াইট হাউসের এই ঘোষণার পর ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে, ওলেশকিতে দ্রুতই এই যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। পাশাপাশি ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, রণাঙ্গনে এটি বাস্তবায়নের সময় নির্ধারণের কাজ করছে তাদের সামরিক বাহিনী।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এই ঘোষণা এল, যার মাধ্যমে ইউক্রেনের ওপর চাপ বাড়ানো এবং রাশিয়াকে কিছু ছাড় দেওয়ার কৌশল নেওয়া হয়েছে। ওলেশকির বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘ওলেশকির সাধারণ মানুষ সীমিত বিদ্যুৎ পাচ্ছেন, মাইন পাতা সড়কের মধ্যে বসবাস করছেন এবং নিয়মিত সামরিক হামলার শিকার হচ্ছেন। এটি একদম স্পষ্ট ছিল যে আমার হস্তক্ষেপ ছাড়া শহরে মানবিক সহায়তা পৌঁছানো এবং প্রবীণদের নিরাপদে সরিয়ে নেওয়া অসম্ভব হতো।’
ফার্স্ট লেডি জানান, তার প্রতিনিধিরা রাশিয়া ও ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে সরাসরি কাজ করে এই ‘যুদ্ধবিরতির শর্তগুলো নির্ধারণ’ করেছেন। মেলানিয়া আরও বলেন, শহরের সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য দুই দেশের বেসামরিক নেতারা একত্রে কাজ করবেন। যুদ্ধের আগে ২৪ হাজার জনসংখ্যা অধ্যুষিত ওলেশকি শহরটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের প্রথম দিনেই রাশিয়ার দখলে চলে যায় এবং তখন থেকেই শহরটি গোলযোগপূর্ণ অবস্থায় রয়েছে।