গণসংহতি আন্দোলন: সরকার বদললেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন না
রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ১১ বছর পূর্তি উপলক্ষে দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক · সাভার, ঢাকা
প্রকাশ:
বৃহস্পতিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলনের নেতারা। দলটির রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ১১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে দুই মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
বিজ্ঞাপন
আবুল হাসান রুবেল বলেন, "নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা গেলেও মানুষের জীবনে মৌলিক কোনো পরিবর্তন আসেনি।" তিনি আরও উল্লেখ করেন, "বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটি লুণ্ঠনকারী ও ফ্যাসিবাদী গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছিল। তারা লুটপাটের এমন ব্যবস্থা কায়েম করেছিল, যেখানে মানুষের সব অধিকার ভূলুণ্ঠিত হয়েছে। বর্তমানে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পর কিছু ক্ষেত্রে পরিবর্তন এলেও জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনার মতো বড় কোনো পরিবর্তন হয়নি।"
গণসংহতি আন্দোলনের এই নেতা জানান, জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনতে না পারায় তাঁদের লড়াই অব্যাহত রয়েছে। সরকারের ভেতরে তাঁদের যে সীমিত অংশগ্রহণ রয়েছে, তা দিয়ে জনগণের পক্ষে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, তাঁরা তা রাখবেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা এবং সাভার ও আশুলিয়া থানার নেতারা।
দলটির ঘোষিত দুই মাসের কর্মসূচির মধ্যে রয়েছে সদস্য সংগ্রহ ও নবায়ন, অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা সভা, মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ। এছাড়া দেশব্যাপী আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া, বর্জ্য অপসারণ ও কর্মশালার আয়োজন থাকবে। আগামী ১১ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।